পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গম উপজেলাগুলোয় প্রান্তিক জনগোষ্ঠীর বসবাস। এসব দুর্গম অঞ্চলের বাসিন্দাদের উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পরিবর্তনসহ নানাবিধ কার্যক্রমে জেলা প্রশাসকের উত্তরাধিকার সনদের প্রয়োজন হয়। তবে এ সনদ সংগ্রহে দুর্ভোগ কমাতে অনলাইনে সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ কার্যক্রমের ধারাবাহিকতায় অনলাইনে উত্তরাধিকার সনদ কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে। ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ কাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে অনলাইনে উত্তরাধিকার সনদ প্রদান আবেদন উদ্বোধন করা হবে।
গতকাল দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ-সংক্রান্ত আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় জেলা প্রশাসক জানান, রাঙ্গামাটি জেলা প্রশাসন জেলার বাসিন্দাদের স্থায়ী বাসিন্দা সনদপত্র ও বিদেশী নাগরিকদের রাঙ্গামাটিতে ভ্রমণের জন্য অনলাইনে অনুমতি প্রদান কার্যক্রম এরই মধ্যে বাস্তবায়ন করেছে। এ পর্যন্ত জেলায় ৬ হাজার ২৭৭ জনকে অনলাইনে স্থায়ী বাসিন্দা সনদপত্র ও ১৯৭ বিদেশী ভ্রমণকারীকে অনলাইনে ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া দুর্গম অঞ্চলের জনগোষ্ঠীর জন্য উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পরিবর্তনসহ নানাবিধ কাজের জন্য উত্তরাধিকার সনদপত্র দেয়া হবে। বর্তমান প্রচলিত পদ্ধতিতে উত্তরাধিকার সনদ পেতে সেবাগ্রহীতাকে প্রায় ৬০ দিনের মতো অপেক্ষা করতে হয়।










