নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর জাহাজের বহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে নির্মাণাধীন জাহাজগুলোর অগ্রগতি পরিদর্শনে করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। শুক্রবার (২২ আগস্ট) চীনের জিংজিয়াং নানইয়াং শিপবিল্ডিং কোম্পানি লিমিটেড শিপইয়ার্ড পরিদর্শন করেছেন তিনি।

বিএসসি তার নিজস্ব অর্থায়নে দু’টি ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডেডওয়েট (ডিডব্লিউটি) ক্ষমতাসম্পন্ন আধুনিক বাল্ক ক্যারিয়ার সংগ্রহের প্রকল্প বাস্তবায়ন করছে। সম্প্রতি ক্রয় কমিটি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এ প্রকল্পের অনুমোদন দিয়েছে।

শিপইয়ার্ড পরিদর্শনকালে উপদেষ্টা জাহাজগুলোর নির্মাণকাজের অগ্রগতি, প্রযুক্তিগত মান, প্রধান যন্ত্রপাতি ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এছাড়া, তিনি প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এ বাল্ক ক্যারিয়ারগুলো যুক্ত হলে বাংলাদেশের নৌবহর আরো শক্তিশালী হবে। আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে, আমদানি-রফতানি কার্যক্রম আরো সহজ হবে।

এসময় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর মাহমুদুল মালেক বলেন, সরকারের দিকনির্দেশনা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বিএসসির জাহাজের বহর সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নতুন জাহাজ অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের বৈদেশিক বাণিজ্যে পরিবহন সক্ষমতা বাড়বে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে ও নৌপরিবহন খাত আরো সুসংহত ভিত্তি লাভ করবে।

নৌপরিবহন উপদেষ্টার এ পরিদর্শন নির্মাণাধীন জাহাজের মান নিয়ন্ত্রণ ও সময়মতো হস্তান্তর নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা।