রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। একই সঙ্গে জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।
আজ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।










