রাঙ্গামাটির সাজেক ইউনিয়নে সাপের কামড়ে সুখেন চাকমা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা। সুখেন ইউনিয়নের বাইবাছড়া গ্রামের তত্ত চাকমার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে গেলে একটি সাপ তাকে কামড়ে দেয়। পরে স্থানীয় কবিরাজের মাধ্যমে সুখেনকে নিজ বাড়িতে চিকিৎসা করা হলেও কোনো সুফল হয়নি। শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।

গ্রাম প্রধান বিশ্ব মুনি চাকমা বলেন, সুখেন চাকমাকে কবিরাজের চিকিৎসা না করিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে এ ধরনের ঘটনা হতো না । সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সচেতনতার অভাবে ছেলেটা মারা গেছেন।