বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ মো. রাফি হোসেন (১৪) ও মো. মমিন হোসেনের (২৩) সফল অস্ত্রোপ্রচার হয়েছে ঢাকা সিএমএইচে। 

রাফি হোসেন গত ১৯ জুলাই ডান কাঁধে গুলিবদ্ধ হয় এবং তার ডান কাঁধের হাড় ও ধমনি ক্ষতিগ্রস্ত হয়। তাকে জরুরি ভিত্তিতে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে অপারেশন করা হয়। পরে কিছু জটিলতা দেখা দিলে হৃদরোগ ইনস্টিটিউট ও ঢাকা সিএমএইচের চিকিৎসকদের আলোচনার ভিত্তিতে তাকে ২৫ আগস্ট দিবাগত রাতে ঢাকা সিএমএইচে আনা হয় এবং দ্রুততার সঙ্গে দীর্ঘ ৬ ঘণ্টা ধরে সিএমএইচের ভাস্কুলার টিম কর্তৃক সফলভাবে কৃত্রিম রক্তনালী সংযোজনের মাধ্যমে অস্ত্রোপ্রচার করা হয়। বর্তমানে রাফি হোসেন আশঙ্কামুক্ত।

মিরপুর কলেজের ছাত্র মো. মমিন হোসেন (২৩) গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হন এবং গুলিটি তার মেরুদণ্ডের পেছনে আটকে যায়। ২০ আগস্ট তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় এবং ল্যাপারস্কপির মাধ্যমে ২৫ আগস্ট অপারেশন করে গুলি বের করা হয়। বর্তমানে মমিন হোসেন ভালো আছেন ।—আইএসপিআর