গত ১০ জানুয়ারি নির্বাচন করে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। এ নির্বাচনকে প্রতিযোগিতাহীন ও আইনের দৃষ্টিতে গুরুতর অনিয়ম বলে অভিযোগ বায়ারস কাউন্সিলের। গতকাল রাজধানীর কারওয়ান বাজারের বিটিএমসি ভবনে বিজিবিএর চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বায়ারস কাউন্সিল। সংগঠনের সভাপতি কাজী ইফতেখার হোসেন লিখিত বক্তব্য দেন। এ সময় বায়ারস কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

কাজী ইফতেখার অভিযোগ করে বলেন, ‘গত ৮ জানুয়ারি হাইকোর্টের রিট পিটিশন শুনানির পর ১০ জানুয়ারির নির্বাচন স্থগিতের জন্য আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে আদেশের অনুলিপি নির্বাচন বোর্ড, আপিল বোর্ড, কার্যনির্বাহী কমিটি, বাণিজ্য সচিব, মহাপরিচালক, পরিচালক, বাণিজ্য সংগঠনের কাছে পাঠানো হয়। কিন্তু এ আদেশ নির্বাচন কমিশন অবজ্ঞা করে ১০ জানুয়ারি একতরফা ও প্রতিযোগিতাহীন নির্বাচন সম্পন্ন করে, যা গুরুতর অনিয়ম। এরই মধ্যে বিষয়টি নিয়ে আদালত অবমাননার মামলাও দায়ের করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে এমন পরিস্থিতিতে আইনের যথাযথ নিয়ম মেনে অ্যাসোসিয়েশনের সংঘবিধি, ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইন ও ২০২৫ সালের বাণিজ্য সংগঠন বিধি মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করেন বায়ারস কাউন্সিলের সভাপতি।

তিনি জানান, ২০২৫ সালের ১০ জানুয়ারি থেকে বর্ধিত হারে নিবন্ধন ফি এবং বার্ষিক নবায়ন ফি গ্রহণ শুরু করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়।