জাতীয় পতাকাবাহী পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। ২৯ জানুয়ারি থেকে প্রাথমিকভাবে এ রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে।

ফ্লাইটের সময়সূচি প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৮টায় ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে করাচি পৌঁছবে স্থানীয় সময় রাত ১১টায়। আর করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় ফ্লাইট ছেড়ে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছবে।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এ রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরো সহজ ও সুবিধাজনক হবে। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা প্রদানে সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ বিমান বাংলাদেশ এয়ারলাইনস।