রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন প্রগতিশীল শিক্ষকদের একাংশ। ‘দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দ’
ব্যানারে গতকাল বেলা ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার। অবিলম্বে দুর্নীতিগ্রস্ত প্রশাসনের অপসারণের দাবি জানিয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রশাসনের বিরুদ্ধে একের পর এক অভিযোগের প্রমাণ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি। দুর্নীতি প্রমাণ হওয়ার সত্ত্বেও নির্লজ্জভাবে তিনি উপাচার্য পদে বহাল রয়েছেন। তার মেয়াদ পূর্ণ হতে আর মাত্র দেড়-দুই মাস সময় রয়েছে। এ সময়ের মধ্যে তিনি একাডেমিক সুস্থ পরিবেশকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করার চেষ্টা করছেন বলে আমরা ইঙ্গিত পেয়েছি।
এ সময় অন্যদের মধ্যে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক আসাবুল হক, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড. জাহাঙ্গীর আলম সাউদ প্রমুখ উপস্থিত ছিলেন।









