রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে নির্মাণাধীন একটি সেতু ঢালাইয়ের সময় সেন্টারিং ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়, এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সকাল ১০টার দিকে মগবান ইউনিয়নের বড়াদম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বড়াদম এলাকায় রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের একটি গার্ডার সেতুতে সকালে একদল নির্মাণশ্রমিক ঢালাইয়ের কাজ শুরু করেন। যেখানে ঢালাই হচ্ছিল সেটার ওপরই মিক্সচার মেশিন রেখে কাজ করা হচ্ছিল। অতিরিক্ত ভাইব্রেশনের কারণে কাজ শুরুর ১৫-২০ মিনিটের মধ্যেই মিক্সচার মেশিনসহ গার্ডারের মধ্যবর্তী ঢালাইয়ের জন্য প্রস্তুতকৃত ৩৬ মিটার অংশ ধসে পড়ে। এ সময় ১৬ শ্রমিক আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রফিক (৪৫) নামের এক শ্রমিক মারা যান। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশায়। অন্য ১৫ জনের আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ত্রিতন চাকমা জানান, সেতু ধসে পড়ে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন মারা গেছেন এবং ১৫ জন আহত। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম বলেন, আমরা যতটুকু জেনেছি এটি অবহেলাজনিত কারণেই হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এলজিইডি সূত্র জানায়, রাঙ্গামাটি শহর থেকে আসামবস্তি ভায়া কাপ্তাই পর্যন্ত ১৯ কিলোমিটার সড়কের একাধিক স্থানে ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এলজিইডির বাস্তবায়নে ১২০ মিটার দৈর্ঘ্য ও প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এ সেতুর নির্মাণকাজের কার্যাদেশ পায় খাগড়াছড়ির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেলিম অ্যান্ড ব্রাদার্স। উপঠিকাদার হিসেবে কাজটি বাস্তবায়ন করছিলেন মেসার্স এসএস ট্রেডার্সের স্বত্বাধিকারী ও রাঙ্গামাটি জেলা যুবলীগ নেতা জসিম উদ্দীন।

এলজিইডি রাঙ্গামাটি সদর উপজেলা প্রকৌশলী প্রণব রায় চৌধুরী জানান, শ্রমিকরা যে স্থানে ঢালাই করছিলেন সেখানে চালু ছিল মিক্সচার মেশিন। ফলে অতিরিক্ত ভাইব্রেশনের কারণে স্প্যানের জয়েন্টে হয়তো সমস্যা হয়েছে। এতে কাজ শুরু করার ১৫-২০ মিনিটের মধ্যেই মিক্সচার মেশিনসহ গার্ডারের মধ্যবর্তী ঢালাইয়ের জন্য প্রস্তুতকৃত ৩৬ মিটার অংশ ধসে পড়ে।

এসব ঘটনা প্রসঙ্গে জানতে নির্মাণকাজের উপঠিকাদার ও মেসার্স এসএস ট্রেডার্সের স্বত্বাধিকারী জসিম উদ্দীনের মোবাইল ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।

তদন্ত কমিটি গঠন: নির্মাণাধীন সেতুটি দুর্ঘটনায় পতিত হওয়ার ঘটনায় তাত্ক্ষণিক একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে এলজিইডি।