ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।একই সঙ্গে নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই এবং এ নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়া হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এসব তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়ার পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লি: কারখানার সামনে এক কারখানা শ্রমিক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটে। পরে মরদেহে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

নিহত যুবক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে দিপু চন্দ্র দাস।

পরে ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন জানান, নিহত ব্যক্তির মরদেহ পুলিশের হেফাজতে আছে।