দেশে নতুন ব্যবসা শুরু করতে বিনিয়োগকারীরা এবার এক আবেদনেই পাচ্ছেন পাঁচটি গুরুত্বপূর্ণ সেবা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ওয়ান স্টপ সার্ভিসের আওতায় এ সেবা চালু করতে ছয় প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

আজ রোববার (২৫ মে) ঢাকার আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বিডা সূত্রে জানা যায়, নতুন ব্যবসা শুরুর জন্য বিনিয়োগকারীদের প্রাথমিকভাবে যেসব সেবার প্রয়োজন হয়, তার মধ্যে রয়েছে—নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট ও ব্যাংক হিসাব খোলা। এখন থেকে এসব সেবা একক আবেদনপত্র ও একক ফি’র মাধ্যমে অনলাইনে পাওয়া যাবে।

এই সেবা চালু করতে বিডা যেসব প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা করেছে সেগুলো হলো—জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন ও সোনালী ব্যাংক।

সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে অনুষ্ঠিত সভায় বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, দেশে ব্যবসা শুরু করতে বিনিয়োগকারীদের নানা ভোগান্তি পোহাতে হয়। বিদেশে চাইলে এক দিনের মধ্যেই ব্যবসা শুরু করা যায়। আমরা চাই, বাংলাদেশেও এমন ব্যবস্থা হোক।

তিনি আরো বলেন, একটি মাত্র অনলাইন ফরম পূরণ করে বিনিয়োগকারীরা প্রাথমিক পাঁচটি সেবা সহজেই পেয়ে যাবে। এতে সময় ও জটিলতা দুই-ই কমবে।

এই প্রক্রিয়া কবে নাগাদ চালু হবে—এমন প্রশ্নে বিডা চেয়ারম্যান বলেন, সেপ্টেম্বরের শেষ নাগাদ কাজ শেষ করতে চাই। অক্টোবর থেকে যেন বিনিয়োগকারীরা এই সুবিধা নিতে পারেন, সেই লক্ষ্যেই এগোচ্ছি।

তিনি জানান, শুরুতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য এই সেবা চালু করা হলেও পর্যায়ক্রমে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকেও এর আওতায় আনা হবে।

অনুষ্ঠান শেষে বিডা ও সংশ্লিষ্ট পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।