দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের মতো এবার ৫২৭টি থানার অফিসার ইনচার্জ (ওসি) লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি লটারিতে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পদায়ন করা কর্মকর্তাদের নামের তালিকায় ‘প্রস্তাবিত’ লেখা রয়েছে। ৫২৭ থানার মধ্যে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই থানার ওসিদের পদায়ন হলো। নির্বাচনে দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকদের তালিকা ইউনিটপ্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করেই এ লটারি অনুষ্ঠিত হয়।

ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসি, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসি, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসি, ময়মনসিংহ রেঞ্জের চার থানায় ৩৬ ওসি, বরিশাল রেঞ্জের ছয় জেলায় ৪৬ ওসি, সিলেট রেঞ্জের চার জেলায় ৩৯ থানার ওসি, রাজশাহী রেঞ্জে আট জেলায় ৭১ থানার ওসি ও রংপুর রেঞ্জের আট জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।