ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, তিন পার্বত্য জেলার সব ধর্ম, বর্ণ, গোত্রের মানুষদের সমউন্নয়নের আওতায় আনা হবে। তাদের জীবনমানের উন্নয়ন ঘটানোই সরকারের মূল উদ্দেশ্য।
রোববার বিকালে খাগড়াছড়ি সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত সমৃদ্ধ ও সম্ভাবনাময়ী অঞ্চল। এখানকার সমৃদ্ধ ও সম্ভাবনাকে কাজে লাগাবে সরকার। পাহাড় কাটা, পরিবেশ নষ্ট করা, অবৈধভাবে গাছ কাটার ব্যাপারে সরকার জিরো টলারেন্স বলেও উল্লেখ করেন তিনি।
পাহাড়ের সংঘাত, সহিংসতার ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, একটা অংশ দেশকে সবসময় অস্থিতিশীল করতে চায়। অস্থিতিশীলকারীকে আইনের আওতায় আনা হবে।
এর আগে সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জেলার সার্বিক বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী। সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন এবং জেলার উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, জেলা প্রশাসক আনোয়ার সাদাত এবং খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মহালছড়ি উপজেলায় গিয়ে সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে খাদ্যসহায়তা বিতরণ করেন প্রতিমন্ত্রী।










