দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে মৌলভীবাজারে দুজন নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম, গাইবান্ধা, নাটোর, দিনাজপুর ও সাতক্ষীরায় একজন করে নিহত হয়েছেন। সোমবার রাতে ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

মৌলভীবাজার: জেলার কুলাউড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। গতকাল দুপুরে কুলাউড়া-জুড়ি আঞ্চলিক সড়কের আছুরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আবু সুফিয়ান (৫০) এবং একই ইউনিয়নের ফুলতলা চা বাগানের সুরেন্দ্র বুনার্জির ছেলে নরসিংহ বুনার্জি (৩৫)।

চট্টগ্রাম: বঙ্গবন্ধু টানেল সড়কের আনোয়ারা প্রান্তে ট্রাকচাপায় আনোয়ার পারভেজ নামে এক নিরাপত্তাকর্মী নিহত হন। এতে গুরুতর আহত হন আরো দুই যুবক। গতকাল ভোরে মোহাম্মদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার পারভেজ কোরিয়ান ইপিজেডে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত সানি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১১টায় তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সোনারপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

দিনাজপুর: মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে জোবায়ের আলী (৫৭) নামে এক প্রকৌশলী নিহত হন। তিনি দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির উপমহাব্যবস্থাপক (ইলেকট্রো মেকানিক্যাল) ছিলেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে রংপুর থেকে মোটরসাইকেলে কয়লা খনিতে যাওয়ার পথে বদরগঞ্জের নাগেরহাট সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নাটোর: বড়াইগ্রামে মাইক্রোবাস ধাক্কায় মফিজুল ইসলাম (৪৪) নামে এক ভ্যানচালক নিহত হন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার মহিষভাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা: জেলার তালায় ট্রাকের ধাক্কায় জামিরুল ইসলাম (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে আঠারমাইল-পাইকগাছা সড়কের গোনালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।