শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নাশকতার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করা হবে। এ দেশের মানুষ বারবার ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে, এবারও (অপশক্তিকে) সফল হতে দেব না। বাংলাদেশকে কেউ উপনিবেশে পরিণত করতে পারবে না। দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি পরাজিত শক্তি নানা ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল। কিন্তু অতীতের মতো এবারও তা ব্যর্থ হয়েছে। দেশবাসী ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র প্রতিহত করেছে।
রিজভী বলেন, সব ষড়যন্ত্রের মধ্যেও আজকের এ পূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশ আজ প্রাণচঞ্চল। পূজা মানেই ধর্মীয় উৎসব নয়, এটি এ দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এ উৎসব প্রতিটি মানুষের মাঝে উৎসবের অনুভূতি তৈরি করেছে।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, দেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হলে সব সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থাকে নিখুঁত রাখতে হবে, যাতে কোনো ধরনের উসকানি বা হামলা সফল না হয়।










