কোরবানির ঈদের আগে রাজধানীর পশুর হাট ও অলিগলিতে ছাগলের অন্যতম খাবার কাঁঠাল পাতার চাহিদা ও দাম—দুটোই বেড়েছে। বাজারে আকার ও মানভেদে এক আঁটি কাঁঠাল পাতার দাম ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, পশুর হাটের আশপাশ ও অলিগলিতে গবাদিপশুর খড় ও ঘাসের সঙ্গে বিক্রি হচ্ছে কাঁঠাল পাতা। মৌসুমি ব্যবসায়ীরা ছোট-বড় বিভিন্ন আঁটির পাতা নিয়ে বাজারে বসেছেন। রাজধানীর রামপুরা উলন বাজার রোডে প্রতি আঁটি কাঁঠাল পাতা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ছোট আঁটির দাম ৫০ টাকা। তবে কারওয়ান বাজারে প্রতি আঁটি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আকারভেদে আঁটির দাম নির্ধারণ করছেন বিক্রেতারা।

উলন বাজার এলাকার এক বাসিন্দা দুই আঁটি কিনেছেন ১২০ টাকায়। তিনি বলেন, ‘ছোট-বড় মিলিয়ে দুইটি আঁটি ১২০ টাকা দিয়ে কিনেছি। গত রাতে ছাগল কেনার পর থেকে চার আঁটি কিনেছি। গলিতেই পাওয়া যাচ্ছে। একদিনের জন্য এসব কেনার মধ্যেও আনন্দ আছে।’

কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘কোরবানিতে অনেকে ছাগল কোরবানি দেন। তাই কোরবানির আগে ছাগলের জন্য অনেকেই কাঁঠাল পাতা কিনছেন। ছোট-বড় কয়েকটি ডাল একসঙ্গে বেঁধে আঁটি করা হয়েছে। এসব আঁটি ৫০ টাকা করে বিক্রি করছি।’

আরেক বিক্রেতা ৪ হাজার টাকার কাঁঠাল পাতা নিয়ে বাজারে এসেছেন। তিনি বলেন, ‘এগুলো কিনে এনেছি। মোট চার হাজার টাকার পাতা কিনেছি। এখনো বিক্রি শুরু করিনি। বড় আঁটি ৬০-৭০ টাকা, ছোটগুলো ৫০ টাকায় বিক্রি করব। দেখি কত আঁটি হয়।’