বগুড়ার গাবতলী উপজেলায় ইউপি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) গুলিতে চারজন নিহত হয়েছেন।গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বালিয়াদীঘি ইউনিয়নের কুলসুম বেগম, আবদুর রশিদ, খোরশেদ ও আলমগীর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নে কালাইহাটা ভোট কেন্দ্রে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার ইস্যুতে বিজিবি ও প্রশাসনের গাড়ী ভাংচুর করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ফলাফল ঘোষণা নিয়ে গড়িমসি করছেন প্রশাসনের কর্মকর্তারা। এসময় ভোটকেন্দ্রেও ভাঙচুর চালানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানীয়দের ছত্রভঙ্গ করতে ধাওয়া করে ও গুলি চালায়। এতে চারজনের মৃত্যু হয়। এসময় পুলিশ ও বিজিবি সদস্যসহ বেশ কয়েকজন আহতও হয়েছেন। আহতদের মধ্যে শাজাহানপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাও রয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিজিবির গুলি স্থানীয় কয়েকজনের মৃত্যুর কথা স্বীকার করেছেন।