পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার ট্রাকের লেনে ওজন স্কেলে বজ্রপাতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ঘণ্টা খানেক টোল আদায় বিঘ্নিত হয়। এতে সেতুর মাওয়া প্রান্তে সড়কে আড়াই কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়।
কারিগরি ত্রুটির বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, ‘গতকাল ভোরে সেতু এলাকায় বজ্রপাত হয়। এতে ওজন স্কেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় অন্য যানবাহন পারাপার হলেও ট্রাক লেনে টোল আদায় বিঘ্নিত হয়। তবে কিছুক্ষণ পরই স্বাভাবিক হয়ে যায়।’
টোল আদায় বিঘ্নিত হওয়ায় সড়কে যানজট থাকার বিষয়টি জানিয়ে মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক জিয়াউল হায়দার বলেন, ‘সকাল ৮টা-৯টা পর্যন্ত ট্রাক লেনে টোল আদায় বন্ধ ছিল। সে সময় পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। ওজন স্কেলের ত্রুটি মেরামত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।’










