স্বজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। এতে যানবাহনের চাপ বাড়ছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ পদ্মা সেতুর টোল প্লাজায়। গতকাল শনিবার ভোর ৪টা থেকে বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায় এক্সপ্রেসওয়েতে। পরে যানবাহনের ভিড় বাড়ে পদ্মা সেতুর টোল প্লাজায়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত ধীরগতিতে চলে যানবাহন। তবে সকাল ১০টায় থেকে স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। এর আগে তীব্র যানজটে সেতু পারাপারের অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সাতটি টোল বুথে যানবাহনের টোল আদায় করা হচ্ছে। মোটরসাইকেলের বাড়তি চাপ থাকায় আলাদা লেন তৈরি করে দেয়া হয়েছে। এছাড়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় এড়াতে ও ওভারটেকিং বন্ধে স্পিডগানের মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন হাইওয়ে পুলিশের সদস্যরা।

যাত্রীদের অভিযোগ, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের টোল আদায় কার্যক্রম ধীর গতিতে চলায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। তবে তুলনামূলক ভোগান্তি কম পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়। কিছুটা ভোগান্তি থাকলেও এবারের ঈদযাত্রা অন্যবারের চেয়ে কিছুটা স্বস্তিদায়ক।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল ম্যানেজার আহমেদ হক জানান, সরকারি ও বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি এখনো গার্মেন্ট ছুটি হয়নি। তাই বড় ধরনের বিড়ম্বনা ছাড়াই গন্তব্যের উদ্দেশে যাতায়াত করছে বিভিন্ন যানবাহন। এবার ঈদে বাড়িফেরা মানুষের ভোগান্তি নিরসনে সব ধরনের প্রস্তুতি রয়েছে সেতু কর্তৃপক্ষের।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, যানজট নিরসনে এবার বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে মহাসড়কে কাজ করছেন হাইওয়ে পুলিশ সদস্যরা। দুর্ঘটনা ও অপ্রীতিকার ঘটনা এড়াতে বিভিন্নভাবে নজরদারি বাড়ানো হয়েছে। সিসিটিভির মাধ্যমেও পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি।

তিনি আরো বলেন, ‘ঈদ যতই ঘনিয়ে আসছে মহাসড়কে যানবাহনের চাপ ততই বাড়ছে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি স্বাভাবিক হয়ে আসে। তবে সারাদিন থেমে থেমে যানবাহনের চাপ অব্যাহত ছিল এক্সপ্রেসওয়েতে।’

এক্সপ্রেসওয়েতে যানবাহনের টোল আদায়ে ধীরগতির প্রসঙ্গে মুন্সিগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, যানবাহনের বাড়তি চাপের কারণে কিছুটা ব্যাহত হচ্ছে মহাসড়কে টোল আদায়ের কার্যক্রম।’