টাঙ্গাইল-২ আসনে নির্বাচন পর্যবেক্ষণ করবেন ভারতীয় নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের দলনেতা ধর্মেন্দ্র শর্মা। তিনি ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৩ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব শেখ মো. ফয়সাল মোস্তফা আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, প্রতিনিধি দলের দলনেতা ধর্মেন্দ্র শর্মা নিজেই টাঙ্গাইল-২ আসনে নির্বাচন পর্যবেক্ষণ করার অভিপ্রায় জানিয়েছেন। তিনি ৭ জানুয়ারি সারাদিন নির্বাচন পর্যবেক্ষণ শেষে ঢাকায় ফিরবেন। টাঙ্গাইল জেলায় অবস্থানকালে তাকে উপযুক্ত আবাসন ও নিরাপত্তাসহ চাহিদামাফিক অন্যান্য সহযোগিতার অনুরোধ করা হয় সংশ্লিষ্ট সবাইকে। চিঠিতে ধর্মেন্দ্র শর্মার সড়কপথে যাতায়াতকালে নিরাপত্তার জন্য পুলিশ এসকর্ট দেয়ার নির্দেশ প্রদান করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম বলেন, ‘ভারতীয় নির্বাচন পর্যবেক্ষক দলের জন্য আবাসন, নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে আমরা প্রস্তুত আছি।’