আমিরুল ইসলাম চৌধুরী বাংলাদেশে পেশাদারত্বের সর্বোচ্চ স্ট্যান্ডার্ড সবসময় বজায় রাখতেন বলে জানিয়েছেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, আজকের বাংলাদেশে তিনটি গুণের প্রয়োজন দেখা দিয়েছে। এগুলো হলো—সজ্জন হওয়া, সর্বস্তরে পেশাদারত্বের মনোভাব বিকাশ এবং দায়িত্ববোধ। দায়িত্বে থাকলে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে হবে। এ গুণগুলো আমিরুল ইসলাম চৌধুরীর মধ্যে আমি বিশেষভাবে অনুভব করেছি। তিনি পেশাদারত্বের সর্বোচ্চ স্ট্যান্ডার্ড সবসময় বজায় রাখতেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বণিক বার্তা ও বিআইডিএসের আয়োজনে ‘গুণীজন সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী সম্পর্কে বলতে গিয়ে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান এসব কথা বলেন।

হোসেন জিল্লুর রহমান বলেন, ‘অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীকে আমি শ্রদ্ধা করি বিভিন্ন কারণে। তিনি চট্টগ্রামের এক মেয়েকে বিয়ে করেছিলেন। তাঁর শ্যালক ছিলেন আমার স্কুলের সহপাঠী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং সেখানেই পরিবার নিয়ে থাকতেন।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আমিরুল ইসলাম চৌধুরীর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজ যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে—২০০৮ সালে আমি যখন শিক্ষা উপদেষ্টা ছিলাম, তখন আমিরুল ইসলাম চৌধুরী প্রথম আমাকে জানিয়েছিলেন, রংপুর অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য দাবি আছে। সবাই মিলে শুভ কাজটি আমরা করতে পেরেছিলাম।’

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আমিরুল ইসলাম চৌধুরী অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি। তিনি পেশাদারত্বের সর্বোচ্চ স্ট্যান্ডার্ড সবসময় বজায় রাখতেন। সবসময় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।’

সৈয়দ মঞ্জুর এলাহীর স্মৃতিচারণ করে তিনি বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজে আমরা দুজনই একটি প্যানেলে বক্তা হিসেবে ছিলাম। তার গতিবিধি যে বহু জায়গায় বিস্তৃত ছিল, এটি তার একটি উদাহরণ। আর ড. ফিরদৌসী কাদরীকে সম্মাননা দেয়ার মাধ্যমে বিজ্ঞানকে আমাদের সমাজে যে গুরুত্ব দেয়া দরকার এবং এ শাখায় নারী-পুরুষ সবারই আসা প্রয়োজন—সেটাও অনুভূত হলো। এজন্য বণিক বার্তা ও বিআইডিএসকে আবারও ধন্যবাদ দিচ্ছি, তাদের বেছে নেয়ার জন্য।