বন বিভাগ থেকে লাইসেন্স নিয়ে পোষা হাতিকে দিয়ে খেলা দেখিয়ে যেন জীবন নির্বাহ করা না হয় সেজন্য পোষা হাতির মালিকদের বলে দিতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, 'এখন পোষা হাতি পালনের বাস্তবতা নেই। আপনারা বলতে পারেন হাতি পালনের বিষয়টি উত্তরাধিকারী হিসেবে পাওয়া। কিন্তু যে পালন করছে সে হাতি পালন করতে পারবে কিনা, সে সামর্থ্য আছে কিনা সেটা ভেবে দেখতে হবে। পোষা হাতির আবার প্রকৃতিতে ফিরে যাবারও অবস্থা নেই। তাই বন বিভাগ থেকে লাইসেন্স নিয়ে যারা হাতি পালন করবে তাদের বলে দিতে হবে, খেলা দেখিয়ে জীবন নির্বাহ করা যাবে না।'

আজ বুধবার (২০ আগস্ট) বিশ্ব হাতি দিবস উপলক্ষে বন অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা আরো বলেন, 'হাতির বসবাসস্থলে থাকা মানুষের সঙ্গে সহাবস্থান বজায় রাখতে কাজ করতে হবে। পাশ্ববর্তী দেশগুলো বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। হাতি ও মানুষের সহাবস্থান কীভাবে তৈরি করা যায় সেটা আমাদের ভাবতে হবে। বনভূমি ধ্বংসের কারণে আজকে হাতির অভয়াশ্রম ধ্বংস হয়েছে।'

অনুষ্ঠানে বন অধিদপ্তের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল হাসান। তিনি বলেন, 'হাতি রক্ষায় আমাদেরকে সচেতনতা তৈরি করতে হবে। বন এলাকায় কীভাবে মানুষ ও হাতির সহাবস্থান তৈরি করা যায় সেটা দেখতে হবে।'

অনুষ্ঠানে হাতি রক্ষায় নেয়া প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রকল্পের মাধ্যমে হাতি রক্ষায় বনভূমি সৃষ্টি, আহত হাতির চিকিৎসা ও মানুষের সঙ্গে হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করবে জানিয়েছে সংশ্লিষ্টরা।