ভরা মৌসুমেও বরিশালের ১৫ নদীতে ইলিশের দেখা মিলছে না।
এবার এখানকার এসব নদীতে দিনের পর দিন জেলেরা জাল ফেলেও ফিরছেন খালি হাতে।
নদীতীরের গ্রামগুলোর মানুষের জীবিকার প্রধান উৎস মাছ শিকার।
এ ১৫ নদীকে ঘিরে নিবন্ধিত ৩ লাখ ৫২ হাজার ৭২৪ জন জেলের বাইরেও হাজার হাজার প্রান্তিক জেলের বসবাস।
নদীতে ইলিশ না মেলায় তারা এখন চরম অর্থকষ্টে পড়েছেন বলে দাবি প্রান্তিক জেলেদের।
মৎস্য গবেষক, জেলে ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে নদীতে লবণাক্ততা বৃদ্ধি, পানিদূষণ, ইলিশের প্রবেশপথে বাধাসহ নানা কারণে ইলিশের পরিভ্রমণের সময় ও স্থান পরিবর্তিত হয়েছে।
এতে ভরা মৌসুমেও নদীতে জেলের জালে ধরা পড়ছে না ইলিশ।
এদিকে জেলেরা নদীতে জাল ফেলে হতাশ হয়ে যখন ফিরছেন, তখন বরিশালের মোকামে আসতে শুরু করেছে সাগরের ইলিশ।
আর সাগর থেকে আসা ইলিশ এখানকার নির্দিষ্ট আড়তদাররা কিনে নিচ্ছেন।
ফলে বরিশালের খুচরা বাজারে দেখা মিলছে না ইলিশের।
নদীতে ইলিশ শিকারে যাওয়া জেলেরা দিন-রাত জাল ফেলে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে ফিরছেন শূন্য হাতে।
বরিশালের হিজলার মেঘনার জেলে আলতাফ মৃধা জানান, নিষেধাজ্ঞার সময় পরিবার-পরিজনের ভরণ-পোষণে অনেক জেলেই মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে ঋণগ্রস্ত।
আর এখন নদীতে ইলিশ মিলছে না।
এখনকার পরিস্থিতিতে নদ-নদীতে ইলিশ ধরা না পড়ায় তারা চরম হতাশ।
গতকাল সকালে বরিশাল নগরীর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা গেছে, ইলিশের সংকট।
যেখানে এ সময়ে প্রচুর মাছ আসার কথা সেখানে মাত্র এক হাজার মণ মাছ দিয়ে চলছে পাইকারি বাজার।
সাগরের এ ইলিশ পাইকাররা বরিশালের বাজারে দিচ্ছেন না।
তা চলে যাচ্ছে বরিশালের বাইরে।
ফলে স্থানীয় খুচরা বাজারে ইলিশ নেই বললেই চলে।
বরিশাল মৎস্য আড়তদার সমিতির প্রচার সম্পাদক ইয়ার উদ্দিন সিকদার জানিয়েছেন, দক্ষিণের নদীতে ইলিশ ধরা পড়ছে না।
তাই নদীর ইলিশ আসছে না।
পাইকারি ইলিশ ব্যবসায়ী মো. ইমতিয়াজ আলম বলেন, বরিশালের তথা দক্ষিণের কোনো নদীতে ইলিশ নেই।
তাই বাজারে নদীর ইলিশ নেই।
সাগরের যে ইলিশ আসছে তা দু-একজন পাইকার কিনে নিয়েছেন।
বাকি পাইকাররা অলস বসে আছি।
এখানকার আড়তদাররা জানান, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র—এ তিন মাস ইলিশের প্রধান মৌসুম।
অভ্যন্তরীণ নদ-নদী ও সমুদ্র থেকে সারা বছর কম-বেশি ইলিশ আহরিত হয়।
তবে এবার তার ভিন্ন চিত্র।
নদীতে ইলিশ একেবারেই নেই।
তার ওপর ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল।
এ নিষেধাজ্ঞা শেষে গত ২৪ জুলাই মাছ ধরতে গভীর সমুদ্রে যাওয়া ট্রলারগুলো এতদিন ইলিশের দেখা পায়নি।
তবে দু’দিন ধরে ইলিশ পেতে শুরু করেছে।
সামনের দিনে ইলিশ আহরণ বাড়বে এবং দামও কমবে বলে আশা করেন তারা।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (হিলশা) ড. বিমল চন্দ্র দাস বলেন, বরিশালের নদীতে ইলিশ ধরা পড়ছে না তেমন।
তবে সাগরে কিছু মাছ ধরা পড়ছে আর তা মোকামে আসতে শুরু করেছে।
কয়েকদিনের মধ্যে অনেক মাছ ধরা পড়বে বলে আশা করছি।
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, বরিশালের পাইকারি বাজারসহ সাগরপারের মোকাম মহিপুর, আলিপুরেও সাগরের ইলিশ দিন দিন বাড়ছে।










