বরিশালের বাকেরগঞ্জের তুলাতলী নদীতে বালিবাহী বাল্কহেড ডুবে সুকানি নিেঁখাজ হয়েছেন। গতকাল ভোরে বাল্কহেডটি ডুবে গিয়েছে বলে জানান বাকেরগঞ্জ থানার এসআই মো. মনির। নিখোঁজ সুকানি মিলন মোল্লা (২৩) বাকেরগঞ্জ উপজেলার গাড়ুরিয়া ইউনিয়নের হিরাধর গ্রামের কালাম মোল্লার ছেলে।
এসআই মনির জানান, নদীতে জোয়ার থাকায় রাতে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ইমামকাঠি গ্রামের ঘোষবাড়ীসংলগ্ন অংশে নোঙর করে বালিবাহী বাল্কহেড আবু সালেহ-২। বাল্কহেডে চারজন শ্রমিক ছিলেন। পরে শ্রমিকরা বাল্কহেডে ঘুমিয়ে পড়েন। ভোররাতে নদীতে ভাটা হওয়ায় বাল্কহেডের এক পাশ তীরের মাটিতে আটকে যায়। এতে বাল্কহেডটি এক পাশে কাত হয়ে ডুবে যায়। বাল্কহেডের তিন শ্রমিক সাঁতরে তীরে উঠলেও সুকানি মিলন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাডশ চালালেও গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
বাল্কহেডের শ্রমিক নাসিরুল জানান, ফজরের আজানের সময় বাল্কহেড কাত হয়ে ডুবে গিয়ে পানি ওঠে। বিষয়টি প্রথমে টের পেয়ে সুকানি মিলন সবাইকে ডেকে তোলেন। এ সময় বাল্কহেড অর্ধেক ডুবন্ত ছিল। তারা নদীতে ঝাঁপ দেয়ার পূর্বে মিলন কী যেনো আনতে ইঞ্জিন রুমে যান। তাকে নিষেধ করার পরও ইঞ্জিন রুমে যাওয়ার পর বাল্কহেডটি ডুবে যায়। তারা সাঁতরে তীরে উঠলেও মিলন আর উঠতে পারেননি।









