ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচনের সামগ্রিক আলোচনা থেকে গণভোটের বিষয়টি হারিয়ে গেছে। আমরা এ আশঙ্কা বারবার করেছিলাম। আমাদের আশঙ্কাই সত্য প্রমাণিত হলো। এখন সরকার ও নির্বাচন কমিশনকে গণভোটের বিষয়টি আলোচনায় আনা এবং গণভোটের পক্ষে জনমত তৈরির উদ্যোগ নিতে হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার এ. এ. এম. নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে লেভেল প্লেয়িং ফিল্ড, গণভোট, তুচ্ছ কারণে মনোনয়ন বাতিল ও প্রশাসনের একপক্ষীয় আচরণ নিয়ে দলটি আলোচনা করে।

আলোচনা শেষে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, তুচ্ছ কারণে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর মাধ্যমে প্রার্থী হয়রানির শিকার হয়েছেন, সামাজিকভাবে হেয় হয়েছেন। এখানে বৈষম্য করা হয়েছে। কাউকে কাউকে ছাড় দেয়া হয়েছে আবার কারোটা বাতিল করা হয়েছে। এটা কাম্য ছিলো না।

তিনি বলেন, ঋণখেলাফি, মামলার তথ্য গোপন বা সম্পদের তথ্য গোপনের মতো মৌলিক কোনো বিষয় থাকলে প্রার্থিতা বাতিল করা ন্যায়সঙ্গত। কিন্তু সামান্য কারণে এক-তৃতীয়াংশের মনোনয়ন বাতিল করা নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, লুট করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তেমন তোড়জোড় দেখা যাচ্ছে না। লেভেল প্লেয়িং ফিল্ড ভারসাম্য হারাচ্ছে। কোন কোন নেতা আলাদা গুরুত্ব পাচ্ছেন, ভিভিআইপি প্রোটেকল পাচ্ছেন। বিভ্রান্তিকর জরিপের মাধ্যমে জনমতকে বিশেষ দিকে প্রভাবিত করা হচ্ছে। এসব বিভ্রান্তিকর জরিপ নির্বাচনের ওপরে সরাসরি প্রভাব ফেলে। সেজন্য এসব জরিপের বিষয়ে নির্বাচন কমিশনকে সক্রিয় হতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন, কমিশনার আনোয়ারুল ইসলাম ও কমিশনের সিনিয়র সচিব জনাব আখতার আহমেদ। ইসলামী আন্দোলনের প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা লোকমান হোসেন জাফরি, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, হাফেজ সিদ্দিকুর রহমান ও ছাত্রনেতা ইমরান হোসাইন নূর।