স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতিতে ফেনী-১ আসনে উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। গতকাল সকালে পরশুরাম উপজেলায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় নেয়া উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
সভায় আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম বলেন, ‘মানুষকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে উদ্বুদ্ধ করতে হবে। প্রশিক্ষণ গ্রহণে এবং প্রশিক্ষিত হয়ে কর্মে নিজেদের নিয়োজিত করতে হবে। এভাবে বছরে ৫০০ দক্ষ প্রযুক্তিকর্মী তৈরির পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিকভাবে তিন উপজেলায় তিনটি প্রশিক্ষণ সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘ফেনী-১ আসন ভিআইপি হিসেবে খ্যাতি পেলেও জনগণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। প্রথম পরিকল্পনা হিসেবে প্রশিক্ষিত জনগোষ্ঠীর দক্ষতায় প্রশিক্ষণ পরিকল্পনা নেয়া হয়েছে। তিন উপজেলায় সরকারি ভোকেশনাল প্রতিষ্ঠান দ্রুত বাস্তবায়নে কাজ চলছে। এর পাশাপাশি প্রতি ইউনিয়নে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এবং ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেখানে প্রতি ব্যাচে ৩০ জন চার মাসের কোর্স সম্পন্ন করবে। প্রতিটি সেন্টারের প্রয়োজনীয় যন্ত্রপাতিতে ব্যয় হবে ২৫ লাখ টাকা।’
মুহুরী নদী বাঁধের ভাঙন প্রসঙ্গে নবনির্বাচিত এই সংসদ সদস্য জানান, ৭৩১ কোটি টাকার একটি প্রকল্প প্রাথমিক যাচাই-বাছাই শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত সময়ে প্রকল্প একনেকে উত্থাপিত হবে।
পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার প্রমুখ।










