টাঙ্গাইলের মধুপুরের গারো, কোচ ও বর্মণ জাতিগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে তাদের সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য এমন কিছু করতে চাই, যাতে তারা সারা জীবন ভালো থাকেন।’
গতকাল মধুপুরের পীরগাছা থাংয়ানি ক্রেডিট প্রাঙ্গণে মধুপুর (আবিমা) গড়াঞ্চলের গারো, কোচ ও বর্মণ জাতিগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা, দাবি ও প্রত্যাশা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা প্রয়োজন। এজন্য তাদের সমস্যাগুলো বিস্তারিতভাবে লিখিত আকারে উপস্থাপন করতে হবে।’ এসব তথ্য পর্যালোচনা করে তিনি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে বিষয়গুলো তুলে ধরার কথা জানান, যেন বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেয়া যায়।
ফকির মাহবুব আনাম বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি। পাশাপাশি তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’
মধুপুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত এলাকার উন্নয়ন সম্ভাবনার কথা উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, ‘এ অঞ্চলে ডিজিটাল ল্যাব স্থাপন, সড়ক যোগাযোগের উন্নয়ন ও মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের মতো বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।’ তথ্যপ্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরির ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
মন্ত্রী বলেন, ‘জনগণের ভোট ও আস্থার মর্যাদা রক্ষা করতে হলে তাদের সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’ তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাদের তাদের দাবি ও প্রত্যাশা সুসংগঠিতভাবে তুলে ধরার আহ্বান জানান। এসব সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।










