শিক্ষা এবং তথ্য ও প্রযুক্তি, যোগাযোগ অবকাঠামো খাতে সর্বোচ্চ ১৭ শতাংশ বরাদ্দ রেখে মোট ৮৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। প্রস্তাবিত বাজেটে ধর্ম, অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য পরিবার কল্যাণ ও সুপেয় পানি খাতে ১২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। গতকাল বেলা ১১টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স মিলনায়তনে বাজেট ঘোষণা করেছেন পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

বাজেট উপস্থাপনকালে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, আব্দুর রহিম, বিপুল ত্রিপুরা, ঝর্না খীসা, নিউচিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, ২০২২-২৩ অর্থবছরে সরকারের কাছ থেকে উন্নয়ন, সংস্থাপন ব্যয় এবং আপত্কালীন খাতে প্রাপ্তির প্রত্যাশায় ৮০ কোটি টাকা ও নিজস্ব খাত থেকে ৩ কোটি টাকা প্রাপ্তির প্রত্যাশায় মোট ৮৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছি। ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে এ বাজেট ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি।