রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারকাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে আলেক (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। তিনি রাজশাহীর বেলপুকুর থানার কাপাসিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,
মৃত আলেক একজন রাজমিস্ত্রি। মিলনায়তনে কাজ করার সময় গতকাল দুপুর দেড়টার দিকে অসাবধানতাবশত তৃতীয় তলা থেকে পড়ে যান। তাত্ক্ষণিকভাবে সহকর্মীরা আলেককে প্রথমে রাবির মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, মিলনায়তনের কাজ করার সময় অসাবধানতাবশত তৃতীয় তলা থেকে পড়ে যান এ নির্মাণ শ্রমিক। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জেনেছি।









