সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ফলে আজ থেকে বার্ষিক পরীক্ষা চলবে। শিক্ষকদের এ আন্দোলনে চলমান বার্ষিক পরীক্ষা গতকাল দ্বিতীয় দিনের মতো বেশির ভাগ বিদ্যালয়ে হয়নি।
আর্থিক সুবিধা, পদোন্নতিসহ চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন। সোমবার থেকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি শুরু হয়েছিল। ফলে ঢাকাসহ দেশের অধিকাংশ বিদ্যালয়ে সোমবার ও গতকাল বার্ষিক পরীক্ষা হয়নি।
প্রতিষ্ঠানগুলোর তথ্যানুযায়ী, গত ২০ নভেম্বর শুরু হওয়া বার্ষিক পরীক্ষা ৮ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। আর ২৭ নভেম্বর থেকে হওয়া নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর। তবে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির কারণে এসব পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। যদিও কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত হওয়ায় এখন পরীক্ষা নেয়ার পথ তৈরি হলো।
মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হলো সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরী আদেশ দেয়া এবং ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই-তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।
মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে সোমবার সন্ধ্যায় বাসসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার বলেছেন, ‘মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দেশের বিভিন্ন স্থানে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছেন, সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের দায়ে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনের নামে যা করছেন, তা সরকারি আচরণবিধি লঙ্ঘনের শামিল। এখানে সরকার একেবারে দৃঢ়ভাবে তার অবস্থান জানিয়ে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘এটা অন্যায়, অন্যায্য যে তারা নবম গ্রেডে আসতে চাইছেন। কারণ চাকরি যখন নিয়েছিলেন, তারা জানতেন দশম গ্রেডে থাকবেন। সেখান থেকে নবম গ্রেডের এ দাবি, এটা তাদের চাকরির শর্তের মধ্যে মোটেই ছিল না। সুতরাং এটা একটা অন্যায্য ও অন্যায় দাবি। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দিন দুয়েক আগে তারা এ দাবি উত্থাপন করেছেন। এমন সময়, যখন তাদের স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা চলছে, অথবা কোনো কোনো জায়গায় বার্ষিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যখন হবে। মূলত তারা যে হাতিয়ারটা ব্যবহার করছেন, সেটা হচ্ছে শিক্ষার্থীদের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। যেটা শিক্ষক হিসেবে চরম একটি অনৈতিক কাজ। কাজেই আমরা তাদের অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করছি।’
এদিকে, তিন দফা দাবিতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে কর্মবিরতি অব্যাহত রেখেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ। বিদ্যালয়গুলোয় ১ ডিসেম্বর বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। আন্দোলনরত সহকারী শিক্ষকরা এ পরীক্ষা বর্জন করেছেন।
পরীক্ষায় বাধা দেয়ার অভিযোগে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের চার নেতাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিস। গতকাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল হাসান তাদের এ নোটিস দেন। নোটিসে তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
কারণ দর্শানোর নোটিস পাওয়া শিক্ষক নেতারা হলেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও নোয়াখালী সদরের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামছুদ্দীন মাসুদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কাশেম এবং প্রাথমিক শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবার রহমান।
কারণ দর্শানোর নোটিসের বিষয়টি নিশ্চত করে মো. শামছুদ্দীন মাসুদ বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের ছাড়াও আন্দোলনে অংশগ্রহণের কারণে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। এ বিষয়ে করণীয় সিদ্ধান্তে আমরা রাতেই অনলাইনে একটি সভা আয়োজন করছি।’










