কক্সবাজারের সৈকতে ১৩২টি ডিম পেড়ে সাগরে ফিরেছে অলিভ রিডলি প্রজাতির একটি মা-কাছিম। গতকাল উখিয়ার সোনারপাড়া সৈকতের রেজুখাল এলাকায় এসব ডিম পাড়ে কাছিমটি। সেগুলো সংগ্রহ করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) কাছিম হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘উখিয়ার সোনারপাড়া সৈকতের রেজুখালের মোহনাসংলগ্ন এলাকায় একটি অলিভ রিডলি মা-কাছিম ১৩২টি ডিম দিয়েছে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত কাছিম হ্যাচারিতে বৈজ্ঞানিক উপায়ে ডিমগুলো সংরক্ষণ করা হয়েছে। আশা করি, ৫০-৫৫ দিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে।’
এর আগে একই জায়গায় চলতি বছরের ৩১ জানুয়ারি একটি মা-কাছিম ১২৫টি ডিম পাড়ে। সেগুলোও বোরির কাছিম হ্যাচারিতে সংরক্ষণ করা হয়।










