ভোটকেন্দ্রে জায়গা না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাঠে শামিয়ানা
টাঙিয়ে ভোট নেয়া হচ্ছে। বুধবার (৫ মে) উপজেলার কুট্টাপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
এ ঘটনা ঘটে। বৃষ্টিতে কর্দমাক্ত মাঠ পেরিয়ে ওই স্কুলের তিন বুথে ভোট দিতে হয় ভোটারদের।
এদিকে ছোট একটি ভবনে এত ভোটারের ভোটগ্রহণ নেয়া সম্ভব না তাই শামিয়ানা টানিয়ে ভোট নেয়া
হচ্ছে। এই কেন্দ্রে মোট ভোটার চার হাজার ৯১২।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মওদুদ আহমেদের দেয়া তথ্য মতে, অন্য কেন্দ্রগুলোর
চেয়ে এখানে মোটামুটি ভোটার ছিল।
সকাল ৯টার মধ্যে ২০০-এর মতো ভোটারের ভোট পড়েছে এই কেন্দ্রে।
এদিকে সরাইলের রাজাবাড়িয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
সকাল ১০টা নাগাদ ১৯৮টি ভোট পড়েছে বলে জানান, প্রিজাইডিং অফিসার দীপংকর মণ্ডল। ওই কেন্দ্রে
মোট ভোটার ৩০৯২।
সকাল সোয়া ১০টার দিকে ওই কেন্দ্রে পক্ষাঘাতগ্রস্ত পিতা শামসুল আলমকে
নিয়ে আসেন ছেলে মুক্তার হোসেন।
তাদের সঙ্গে কথা হলে মুক্তার জানান, তার বাবাকে বুঝিয়ে নিয়ে এসেছেন।
ভোটটা নষ্ট করতে চান না বলে তিনি জানান।









