মাদকমুক্ত সমাজ গঠনে সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, দেশকে মেধাশূন্য করতে আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেয়া হয়। দেশের ভাবমূর্তি, অর্জন ও মেধা ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
আজ শনিবার লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী বলেন, একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নির্বাচনের পর আমরা দায়িত্ব নিয়েছি। এ অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের পেনশন জটিলতা নিরসন করা হয়েছে। নারী সমাজকে এগিয়ে নিতে এবং শিক্ষার হার বাড়াতে মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার চার শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদ, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেন মন্ত্রী।
লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফসহ অন্যরা।










