রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্রি করা মাটিতে পাওয়া পাঁচটি মর্টার শেল নিরাপদ বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। গতকাল বেলা ২টার দিকে মতিহার থানার পশ্চিম বুধপাড়া এলাকায় সেগুলো নিষ্ক্রিয় করেন সেনাবাহিনীর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম সিদ্দিকুর রহমান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন মিনহাজের নেতৃত্বে ২৫ জনের একটি দল মর্টার শেল উদ্ধার হওয়ার স্থানে উপস্থিত হন। পরে পরিত্যক্ত স্থানে নিরাপদ বিস্ফোরণের মাধ্যমে মর্টার শেলগুলো নিষ্ক্রিয় করেছেন তারা।
এর আগে বৃহস্পতিবার জমির মাটি সমান করতে গিয়ে কেনা মাটির ভেতর থেকে চারটি মর্টার শেল পান স্থানীয় মুংলা নামের এক ব্যক্তি। শুক্রবার সকালে আরো একটিসহ মোট পাঁচটি মর্টার শেল পান তিনি।
তিনি বলেন, এক মাস আগে নিজের নিচু জমি ভরাট করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবরের পুকুর থেকে মাটি ক্রয় করেন। পরে মাটি সমান করতে গিয়ে মর্টার শেলগুলো দেখতে পেয়ে বিষয়টি মতিহার থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি মর্টার শেল উদ্ধার করেন এবং তাদের হেফাজতে নিয়ে জায়গাটি ঘিরে রাখেন। এরপর গতকাল সেগুলো ধ্বংস করেন সামরিক বাহিনীর সদস্যরা।
এর আগে গত ২৭ এপ্রিল পুকুরে মাছের খাবার দিতে গিয়ে একটি মর্টার শেল পান বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেহেরচণ্ডী এলাকার মাছচাষী শরীফ। পরদিন মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়।









