গাইবান্ধা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহাবুব আরা বেগম গিনিকে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আলাদত। একই সময় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা স্থাগিত করে দেন। গতকাল দুপুরে কারাগার থেকে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলী আদালতে তাকে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক আব্দুল মতিন তা নামঞ্জুর করেন।

এর আগে জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাংচুর ও ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণের অভিযোগ এনে ২৬ আগস্ট জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাই মামলা করেন। এ মামলায় সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিসহ ১১৪ জনের নাম উল্লেখ ও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আসামিপক্ষের আইনজীবী আহসানুল করিম লাছু জানান, সাবেক হুইপ মাহাবুব আরা গিনির জামিন আবেদন করলে আদালত তা প্রক্রিয়াধীন রেখে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।