বাগেরহাটে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে বের হওয়ার সময় ‘দুর্ঘটনাবশত’ একটি বিলুপ্ত প্রায় গন্ধগোকুলের (শাইরাল) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৯ মার্চ) সকালে বাগেরহাট শহরের মিঠাপুকুরপাড়স্থ বেলালের চায়ের দোকানে গন্ধগোকুলটির মৃত্যু হয়।
চায়ের দোকানদার বেলাল বলেন, সকালে এসে দোকান খুলে দেখি ভিতরে একটি শাইরাল রয়েছে। আমাকে দেখে ভয়ে ক্যাশ বাক্সের মধ্যে ঢুকে পরে। পরে আমরা ওটাকে বের করার চেষ্টা করি। কিন্তু প্রাণিটা ভয়ে নিজেই তক্তার ফাঁক দিয়ে মাথা ঢুকিয়ে বের হওয়ার চেষ্টা করে। এসময় মাথা বাইরে আসলে পেট আটকে যায়। এক পর্যায়ে শাইরালটি মারা যায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জার মো. নুরুজ্জামান বলেন, গন্ধগোকুলটি যদি জীবিত থাকত তাহলে আমরা উদ্ধার করতাম। অসুস্থ থাকলেও উদ্ধার করে চিকিৎসা করাতাম। যেহেতু মারা গেছে, স্থানীয়দের সাথে যোগাযোগ করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করার কথা বলেন তিনি।
মৃত গন্ধগোকুলটি দুইফুট লম্বা লেজসহ প্রায় চারফুট লম্বা। স্থানীয়রা জানিয়েছেন, এটি একটি বাচ্চা গন্ধগোকুল। স্থানীয়ভাবে এটাকে শাইরাল বলা হয়। এর ইংরেজি নাম- সিভিট। এটি ক্যাটস আই প্রজাতির, চোখের উপর আলো পড়লে দেখতে পায় না। বর্তমানে এটি তেমন দেখা যায় না। খাটাশও এই প্রজাতির একটি প্রাণি।










