বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) ২০২৫-২০২৭ মেয়াদি দ্বি-বার্ষিক নির্বাচনে পোল্ট্রি পেশাজীবী পরিষদ জয় পেয়েছে। নির্বাচনে ৫৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসাইন চৌধুরী। ৫০৭ ভোট পেয়ে মহসচিব নির্বাচিত হয়েছেন কোয়ালিটি ব্রিডার্স লিমিটেডের পরিচালক মো. সাফির রহমান ।

সোমবার (২২ ডিসেম্বর) মতিঝিল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কাম-কমিউনিটি সেন্টার, মতিঝিল এ.জি.বি সরকারি কলোনি, মতিঝিল ঢাকা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডায়মন্ড এড লিমিটেডের সিইও মো. আসাদুজ্জামান ও খান এগ্রো ফিড প্রডাক্ট এর প্রোপাইটর মো. সৈয়দুল হক খান। নির্বাচনে কোষাধ্যক্ষ পদে এনার্জি টেকনোলোজির প্রোপাইটর মোস্তফা জাহান, যুগ্ম-মহাসচিব পদে মোহাম্মদ আলমগীর হোসেন ও অঞ্জন মজুমদার, প্রচার সম্পাদক পদে শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে গাজী নূর আহাম্মাদ নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন শাহ ফাহাদ হাবিব, মিজানুর রহমান মিন্টু, রাশিদ আহামাদ, মোহাম্মদ জহির উদ্দিন, খায়রুল বাসার সাগর, ফয়েজ রাজা চৌধুরী, মো. সালাউদ্দিন মুন্সী, মো. সোলেমান কবীর, মো, ইমরান হোসাইন, নাবিল আহামেদ।

নবনির্বাচিত সভাপতি মোশারফ হোসাইন চৌধুরী বলেন, খামারিদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করে যেতে চাই। পোল্ট্রি খাতকে আরো কীভাবে সমৃদ্ধ করতে পারি সে লক্ষ্যেও আমরা কাজ করে যাবো। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে কীভাবে পোল্ট্রি শিল্পকে সামনের দিকে নেয়া যায় সেটিও আমাদের অন্যতম লক্ষ্য থাকবে।