টাঙ্গাইলের মধুপুরে হাসেন আলীর (৮৫) বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে চিপসের লোভ দেখিয়ে হাসেন আলী তার বাড়িতে নিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে। অভিযুক্ত হাসেন আলী উপজেলার বেরীবাইদ ইউনিয়নের বেরীবাইদ গ্রামের মৃত মানিক মন্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া জানান, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থী ছুটির পর সহপাঠীদের সাথে বাড়ি ফিরছিল। পথিমধ্যে চিপসের লোভ দেখিয়ে হাসেন আলী শিশুটিকে রাস্তার ধারেই তার নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

এসময় শিশুটির ধস্তাধস্তিতে মুখের গামছার বাঁধন খুলে গেলে শিশুটির চিৎকার ও কান্নার শব্দে পাশের বাড়ির লোকজন দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার করে এবং হাসেনকে আটক করে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে বেরীবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিংকন চাম্বুগং বলেন, শিশুটি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী। আমি এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই ও বিচার চাই।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করে আজ সোমবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত  হাসেন আলীকে আটক করে কোর্টে চালান দেয়া হয়েছে।