বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কা করছেন স্থানীয়রা। বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ হাসপাতালের বর্জ্য স্বাভাবিক নিয়মে নিয়ে তা ফেলছে তাদের কাউনিয়ার ডাম্পিং স্টেশনে। ফলে চিকিৎসা বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণসহ জীবাণু ছড়িয়ে পড়ছে। 

বরিশাল পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে দূষণকারী প্রতিষ্ঠান শেবাচিম হাসপাতাল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার জন্য বারবার তাগাদা দেয়া হলেও কোনো উদ্যোগ নেই। এ অবস্থায় শেবাচিম হাসপাতালের চিকিৎসা বর্জ্য দ্বারা রোগ-জীবাণু ছড়িয়ে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 

সরজমিন দেখা গেছে, শেবাচিম হাসপাতালের মূল ভবনের পশ্চিমাংশের খোলা জায়গা ভাগাড় হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেখানে সব চিকিৎসা বর্জ্য ফেলে রাখা হয়। পাখি, কুকুর, বিড়াল অনেক সময় এসব বর্জ্য চারদিকে ছড়িয়ে পরিবেশে মারাত্মক দূষণ ঘটাচ্ছে। এ অবস্থায় ২০২২ সালের ৮ আগস্ট হাসপাতালের পরিচালককে লিখিত চিঠি দেয় পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবদুল হালিম স্বাক্ষরিত ওই চিঠিতে দ্রুত পরিবেশগত ছাড়পত্র নিয়ে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণের কথা বলা হয়।

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলার সহকারী পরিচালক মো. মালেক মিয়া বলেন, ‘শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদের সঙ্গে ২০২২ সালে কয়েকবার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। তারা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চাইবেন। বরাদ্দ পাওয়া গেলে পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা করবেন, কিন্তু প্রকৃত অর্থে হাসপাতালের পরিবেশগত ছাড়পত্র নেই। এটি রেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে দূষণকারী প্রতিষ্ঠান শেবাচিম হাসপাতাল। এখানে পরিবেশ রক্ষায় কোনো উদ্যোগই নেই।’

পরিবেশবাদী সংগঠন বেলা’র বরিশালের সমন্বয়ক লিংকন বায়েন বলেন, ‘আমরা গত এপ্রিলে ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মসূচি নিয়ে শেবাচিম হাসপাতাল ভিজিট করে দেখেছি বর্জ্য ব্যবস্থাপনা নেই বললেই চলে। হাসপাতালের মূল ভবনের পশ্চিম পাশের ভাগাড়ে ফেলে রাখা হচ্ছে চিকিৎসা বর্জ্য। এগুলো অপসারণে দক্ষ কর্মীও নেই। সিটি করপোরেশন সাধারণ ময়লার সঙ্গে হাসপাতালের ক্লিনিক্যাল বর্জ্য নিয়ে ফেলছে কাউনিয়ার ময়লা খোলায়। হাসপাতালের চিকিৎসা বর্জ্য যে প্রক্রিয়ায় অপসারণ করা দরকার তা হচ্ছে না। ফলে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

এ ব্যাপারে সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, ‘শেবাচিম হাসপাতালের স্বাস্থ্যহানিকর এ বর্জ্য কোথায় যায় এর কোনো হদিস নেই। তাদের কোনো ব্যবস্থাপনাই নেই। হাসপাতালের কোনো দায়বদ্ধতাও নেই। বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে বরিশালের মানুষকে এটি বেশ ভোগাবে। এজন্য একটি সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার। এক্ষেত্রে শেবাচিম, সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগের দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।’

এ বিষয়ে জানতে চাইলে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আমাদের আলোচনার পরই বিষয়টি মন্ত্রণালয়ে লেখার পর দুটি প্রকল্প পাস হয়ে এসেছে। এরই মধ্যে মেডিকেল কলেজের খেলার মাঠের দক্ষিণ পাশে হাসপাতালের জমিতে দুটি ভবন নির্মাণকাজ শুরু হয়েছে।’ 

এ বিষয়ে বরিশাল গণপূর্ত অধিদপ্তরের মেডিকেল কলেজ উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. কামাল হোসেন বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি ৫ কোটি ৮৫ লাখ ও অন্যটির জন্য ৯০ লাখ টাকাসহ মেশিনারিজ ক্রয়ের বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। এখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য পৃথক চারটি মেশিন ক্রয় ও দুটি ভবন নির্মাণকাজ চলমান।’