বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের সাবেক সেক্রেটারি ও ফেলো ড. হাসিনা খান বলেছেন, ড. ফিরদৌসী কাদরী শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী যে কয়েকজন বিজ্ঞানী রয়েছেন, তাদের মধ্যেও তিনি অনন্য।
তিনি বলেন, দেশে বিজ্ঞানচর্চার পরিবেশ সীমিত হলেও এমন একজন বিজ্ঞানী পাওয়া জাতির জন্য সৌভাগ্যের। তার কাজ ও ব্যক্তিত্ব থেকে দেশে বিজ্ঞান নিয়ে স্বপ্নগাঁথা এবং বিজ্ঞানকে পুঁজি করে পথচলার অনুপ্রেরণা পেয়েছেন অনেকে। গুণে ও মানবিকতায় তিনি অদ্বিতীয়া। ভেতর ও বাইরের সৌন্দর্যে সমানভাবে উজ্জ্বল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বণিক বার্তা ও বিআইডিএস আয়োজিত গুণীজন সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠানে এসব কথা বলেন ড. হাসিনা খান।
তিনি বণিক বার্তা ও বিআইডিএসকে ধন্যবাদ জানিয়ে বলেন, এবারের সম্মাননায় বিজ্ঞানীকেও সংযোজন করা হয়েছে। বিজ্ঞান অবহেলিত এ দেশে, ড. ফিরদৌসী কাদরীর মতো একজনকে সম্মাননা জানানো বিশেষ পাওয়া। তবে তার মতে, এ ধরনের সম্মাননা আরো আগে দেয়া উচিৎ ছিল।
পুরনো দিনের স্মৃতিচারণ করে ড. হাসিনা খান বলেন, ড. ফিরদৌসী কাদরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আমরা যখন বিভাগে ভর্তি হই, ততদিনে তিনি স্নাতকোত্তর শেষ করেন। তিনি তখন আইসিসিডিআর,বিতে গবেষণা করতেন। তার কথা শুনে আমরা প্রায়ই মুগ্ধ হতাম।
তিনি আরো বলেন, এক সময় শুনলাম ফিরদৌসী কাদরী আপার সঙ্গে আমাদের বিভাগের শিক্ষক ড. সালেহীন কাদরীর বিয়ের কথাবার্তা চলছে। তখন আমরা মেয়েরা আলোচনা করতাম, এত স্মার্ট অ্যান্ড ট্যালেন্টেডের সঙ্গে বিউটি উইথ ব্রেইন। এমন রূপকথা আকাশেই রচিত হয়। ফিরদৌসী কাদরী আপা ও স্যারের জীবন আসলে ওরকম রূপকথাই ছিল। খুবই অনন্য এক দম্পতি ছিলেন তারা। তাদের তিন সন্তানই খুবই সুযোগ্য। কিন্তু আপা যেদিন ম্যাগসেসে পুরষ্কার পেলেন, সেদিনই স্যার আমাদের কাছ থেকে চলে গেলেন। ফিরদৌসী কাদরী আপার যাত্রায় বিভিন্ন প্রতিবন্ধকতা আসলেও খুব সহজেই সেগুলো মোকাবেলা করতে পেরেছিলন স্যারকে পাশে পেয়েছিলেন বলে।
ডা. হাসিনা খান বলেন, তিনি গবেষণার পাশাপাশি অনেক ভালো গবেষকও তৈরি করেছেন। বিভাগের প্রথম-দ্বিতীয় স্থান অর্জনকারী প্রতিটি শিক্ষার্থীই আপার সঙ্গে কাজ করার জন্য আগ্রহ নিয়ে বসে থাকত। এসব শিক্ষার্থীরা পরবর্তীতে দেশ-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ ক্ষেত্রে ওনাকে অনুকরণীয় ব্যক্তি হিসেবে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। উনি আকাশের উজ্জ্বল নক্ষত্র, সেভাবেই জ্বলজ্বল করছেন এবং করবেন। একই সঙ্গে বিজ্ঞানকে এগিয়ে নেয়ার যে স্বপ্ন, তা পূরণে কাজ করবেন বলে আশা করি।










