রাজধানীর পল্টনের শারমিন একাডেমিতে শিশু নির্যাতনের মামলায় স্কুলটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে মিরপুরের একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত রোববার স্কুলটিতে শিশু নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ব্যাপক সমালোচনার মধ্যে বৃহস্পতিবার পল্টন থানায় মামলা করেন নির্যাতনের শিকার শিশুর মা।
পল্টন থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার শিশু অধিকার আইনে একটি মামলা করেছেন। মামলায় পবিত্র বড়ুয়া ও শারমিন জামানকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে স্কুলটি বন্ধ রয়েছে।
ভিডিওতে দেখা যায়, একটি অফিস কক্ষে স্কুলের পোশাক পরা এক শিশুকে নিয়ে ঢোকেন এক নারী। শিশুটিকে প্রথমে ওই নারী চড় দেন। এরপর শিশুটির ওপর চড়াও হন আগে থেকেই অফিস কক্ষে থাকা এক পুরুষ। ওই পুরুষ কখনো শিশুটির গলা চেপে ধরছিলেন, কখনো মুখ চেপে ধরছিলেন। তার হাতে স্টেপলার ছিল। শিশুটি কখনো কাঁদছিল, কখনো অস্থির অস্থির করছিল। ওই নারী হাত ধরে তাকে আটকে রাখছিলেন।
একপর্যায়ে শিশুটি ওই নারীর শাড়িতে থুতু ফেললে পুরুষটি শিশুটির মাথা শাড়িতে থুতু ফেলার জায়গায় ঠেসে ধরেন এবং সেই অবস্থায় কয়েকবার শিশুর মাথায় ঝাঁকি দেন।










