গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আয়োজনে ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমে এ বিতর্ক সমাধান করতে হবে।’ বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বানও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে, তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আস্থা ও বিশ্বাস আছে, আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার।’
তিনি আরো বলেন, ‘আন্দোলন অনেক হয়েছে। এবার সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা ব্যবস্থা চালু করা প্রয়োজন, যাতে আর সহিংসতার পথে যেতে না হয়।’ সবকিছুতে বিরোধিতার মানসিকতা থেকে বিরোধীদলকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদি বিরাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এ থেকে বেরিয়ে আসতে বড় ধরনের বিপ্লবের প্রয়োজন। এত স্বল্প সময়ে ১৬ বছরের অপকর্ম থেকে জাতিকে শোধরানো সম্ভব নয়।’
এছাড়া বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিও ব্যক্ত করেন মির্জা ফখরুল। বিএনপি একটি ‘উদার গণতান্ত্রিক’ রাজনৈতিক দল বর্ণনা করে তিনি বলেন, ‘এ দল জনগণের সমর্থন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে।’
অনুষ্ঠানে জুলাইয়ের আন্দোলনে প্রাণ দেয়া সাংবাদিকদের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয় এবং প্রতি পরিবারকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বক্তব্য দেন সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ সিনিয়র সাংবাদিক নেতারা।










