বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নাব্যতা সংকটের কথা জানিয়ে ফেরি চলাচল বন্ধ রেখেছে।
গতকাল চিলমারীর নৌবন্দর এলাকায় গিয়ে ফেরি বন্ধ থাকতে দেখা যায়। বিআইডব্লিউটিএর গাফিলতি এবং চ্যানেল ড্রেজিংয়ে অবহেলার কারণে প্রায়ই এ পথে পণ্যবাহী পরিবহনের চালক ও শ্রমিকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করেছেন।
জানা গেছে, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী ব্রহ্মপুত্র নদে বিআইডব্লিউটিএর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হয়। উদ্বোধনের পর দেড় মাসের বেশি সময় নিয়মিত দুটি ফেরিতে পণ্যবাহীসহ বিভিন্ন ধরনের যানবাহন পারাপার করা হতো। প্রতি ট্রিপে কুঞ্জলতা ফেরি আট-নয়টি, বেগম সুফিয়া কামাল ১২-১৩ ও কদম আট-নয়টি পণ্যবাহী গাড়ি পারাপার করত। পরবর্তী সময়ে বেগম সুফিয়া কামাল ও কুঞ্জলতা ফেরি দুটি সরিয়ে নেয়া হয়। বর্তমানে কদম ফেরিটি থাকলেও চ্যানেল ড্রেজিংয়ে অবহেলার কারণে ১৫ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রাকচালকরা।
২০২৩ সালের ২০ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২৯ আগস্ট পর্যন্ত চিলমারী-রৌমারী নৌ-রুটে মোট ১ হাজার ৬৫ দিনের মধ্যে নাব্যতা সংকটের অজুহাতে ৫৪১ দিনই ফেরি চলাচল বন্ধ ছিল।










