আন্তর্জাতিক শ্রম মান নিশ্চিত করতে ত্রিপক্ষীয় সামাজিক সংলাপের গুরুত্ব নিয়ে এক অবহিতকরণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে সাভারে ব্র্যাক সিডিএম অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
কর্মশালাটি আয়োজন করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন। তিন দিনব্যাপী এ কর্মশালায় ৩০ জনের বেশি সদস্য অংশ নিয়েছেন। কারিগরি সেশনগুলো পরিচালনা করছেন আইটিসি-আইএলওর আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
উদ্বোধনী বক্তব্যে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সামাজিক সংলাপের মাধ্যমে ন্যায্য শ্রম নীতি প্রণয়ন ও শ্রমিক-মালিকের মধ্যে সমন্বয় জোরদার করা সম্ভব। এ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মানে কাজ করতে সক্ষম হবে।
তিনি জানান, শ্রম মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক সংস্কার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সংলাপ প্রক্রিয়া জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরো বলেন, কর্মশালার মাধ্যমে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদ (এনটিসিসি), তৈরি পোশাক ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদ (আরএমজি টিসিসি) ও ন্যূনতম মজুরি বোর্ডের (বিএমডব্লিউবি) সদস্যদের সক্ষমতা আরো বাড়বে।
আইএলওর প্রোগ্রাম ম্যানেজার নীরন রামজুথান শ্রম শাসন শক্তিশালী করতে সংলাপের ভূমিকা তুলে ধরেন। বিকেএমইএর পরিচালক মো. বেলায়েত হোসেন রিপন নিয়োগকর্তাদের গঠনমূলক ভূমিকার কথা বলেন। জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ শ্রমিকদের অংশগ্রহণ বাড়ানোর দাবি জানান।
অনুষ্ঠানে আইএলও প্রতিনিধি, মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ কর্মশালা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।










