প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ মঙ্গলবার মালেশিয়ার প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানানো হয়।

তিনি লেখেন, বাংলাদেশের গ্যাস সরবরাহ সংকটের বিষয়টি তুলে ধরে তারেক রহমান মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। বিশেষ করে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের বিষয়ে তিনি সহায়তা চান। যাতে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব হয়।

দুই নেতার আলোচনায় মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ও গুরুত্ব পায়। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

এ সময় অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশে আজিয়াটার বিনিয়োগের অগ্রগতি এবং এমএমসি পোর্টের সঙ্গে সম্ভাব্য কৌশলগত সহযোগিতার বিষয়টি উঠে আসে। সংশ্লিষ্ট উদ্যোগগুলো দুদেশের অর্থনৈতিক সম্পর্ক আরো সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করা হয়।

টেলিফোনালাপ শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং দুদেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নেয়া হবে।