রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৯ হাজার ৬৩০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি জেইল অব শহর। আজ রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বন্দরের হারবাড়িয়ায় নোঙর করে জাহাজটি। এরই মধ্যে কয়লা খালাস শুরু হয়েছে।

গত ১৫ আগস্ট ইন্দোনেশিয়ার বন্দর থেকে ৫৩ হাজার ৬৩০ টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি। পরে চট্রগ্রাম বন্দরে ২৪ হাজার টন কয়লা খালাস করে। অবশিষ্ট নিয়ে আজ সকালে মোংলা বন্দরে আসে। 

নৌযানটির খুলনা অঞ্চলের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বণিক বার্তাকে বলেন, এর মধ্যেই জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে জাহাজটিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে।

এর আগে ২৮ আগস্ট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল পানামার পতাকাবাহী এমভি জেইন।