প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সারা দেশে সাংবাদিকরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। দীপঙ্কর চক্রবর্তীর মতো আমাদের অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হত্যারই আমরা বিচার পাইনি। দীপঙ্কর চক্রবর্তীর মতো নিবেদিত সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিচারে আমরা এখনো সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছি।
গতকাল বেলা ১২টায় বগুড়া সার্কিট হাউজ মিলনায়তনে জেলার সিনিয়র সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী হত্যাকাণ্ডের ১৭ বছর উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন ও সাধারণ সম্পাদক আরিফ রেহমান। অনুষ্ঠানে দীপঙ্কর চক্রবর্তীর ছেলে অনিরুদ্ধ চক্রবর্তী গোপা তার বাবার হত্যাকারীদের বিচারের দাবি জানান। স্মৃতি পদক পাওয়া সাংবাদিকরা হলেন বগুড়ার প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, প্রবীণ সাংবাদিক রবিউল করিম হেলাল ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ শঙ্কর ভট্টাচার্য্য।










