শিল্প খাত প্রকৃত শিল্পোদ্যোক্তাদের কাছেই থাকা উচিৎ বলে মন্তব্য করেছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হক। তাদের উৎসাহিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

আজ বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে আয়োজিত পলিসি কনক্লেভে এসব কথা বলেন এনামুল হক। ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক এ পলিসি কনক্লেভ আয়োজন করে বণিক বার্তা।

এনামুল হক বলেন, শিল্প খাতকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের ৬০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজের কথা বলছেন। কিন্তু বর্তমানে শিল্প খাতে গ্যাস সংকট রয়েছে। সুতরাং ব্যাংকিং খাত কিভাবে এগিয়ে যাবে সে বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, আমি মনে করি, শিল্পখাত প্রকৃত শিল্পোদ্যোক্তাদের কাছেই থাকা উচিৎ। সুবিধাভোগী কিছু ব্যক্তি এসে যদি কিছু প্রজেক্ট নিয়ে নেয় এবং কিছুদিন পর অন্য একজন উদ্যোক্তার কাছে বিক্রি করে দেয়ার মানসিকতায় থেকে যায় তবে শিল্প খাত কখনো সম্প্রসারিত হবে না।

তিনি আরো বলেন, আমাদের উচিৎ প্রকৃত উদ্যোক্তাদের উৎসাহিত করা, যাতে তারা আরো ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারে। অন্যথায় একজন ব্যবসায়ী এসে একটা উদ্যোগ নিয়ে সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারবে কিনা সে বিষয়ে চিন্তাভাবনার ঘাটতি থেকে যায়। তাই আমি সমন্বয়কে গুরুত্ব দিচ্ছি এবং আর্থিক খাতও ভালো কিছুর অপেক্ষায় আছে।