কক্সবাজারের উখিয়ায় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠ স্কুলের ১৩ জন শিক্ষার্থী।

এ ঘটনার জেরে পরীক্ষার্থী ও বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাংচুর চালিয়েছে।

এসএসসি পরীক্ষা শুরুর আগেই আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ১৩ পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেয়ার কথা ছিল। কিন্তু সকালে প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে দেখেন বিদ্যালয়ের গেইটে তালা ঝুলানো। পরবর্তীতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেও প্রবেশপত্র না পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরীক্ষার্থীরা।

এমন পরিস্থিতিতে এ ঘটনায় তাদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও শঙ্কা।

১৩ শিক্ষার্থী যথাসময়ে তাদের রেজিস্ট্রেশন ফি এবং ফরম পূরণের টাকা পরিশোধ করলেও অদৃশ্য কারণে ফরম ফিলাপ হয়নি বলে অভিযোগ উঠেছে৷ একপর্যায়ে হতাশ পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।

অভিভাবকদের একজন জানান, তার মেয়ের ফরম পূরণের টাকা দিয়েছেন তিনি। সকালে প্রবেশপত্র দেয়ার কথা ছিল। কিন্তু বিদ্যালয়ে গিয়ে দেখেন গেটে তালা ঝুলছে। এ সময় প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদেরও খুঁজে পাওয়া যায়নি।

উপজেলা একাডেমি সুপারভাইজার বদরুল আলম জানান, ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারার বিষয়টি সমাধানের চেষ্টা চলছে৷ তাদের একজনেরও ফরম ফিলাপ হয়নি৷ আমরা চেষ্টা করছি তাদের পরীক্ষা নেয়ার।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন চৌধুরী জানান, উখিয়া হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে একটি প্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা দিতে পারছে না এমন অভিযোগ পেয়েছি। বিদ্যালয়টির কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেন পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। পরে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি যে তারা বোর্ডে ফরমও পূরণ করেনি।

তিনি আরো জানান, মূলত ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকরা আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেব।