বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলায় আদর্শ পাড়ায় সীমানা প্রাচীর নিয়ে বাকিবতণ্ডার এক পর্যায়ে প্রতিবেশী কিশোরের ধাক্কায় তালেবুজ্জামান (৭০) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই এলাকার শফিকুল ইসলামের ছেলে রাকিবুল হাসান রিফাতকে (১৬) শাজাহানপুর থানা পুলিশ হেফাজতে নিয়েছে।

নিহতের স্বজনরা জানান, রোববার বিকালে প্রতিবেশী শফিকুল ইসলামের পরিবারের সঙ্গে সীমানা প্রাচীর নিয়ে তাদের মধ্যে বাকিবতণ্ডার সৃষ্টি হয়। বাকিবতণ্ডার সময় মুক্তিযোদ্ধা তালেবুজ্জামানকে রিফাত ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। এ সময় আহত অবস্থায় তালেবুজ্জামানকে স্থানীয়দের সহযোগিতায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।